সোমবার
১৬ জুন ২০২৫
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: চট্টগ্রামে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে এক কিশোরের।
সোমবার (১৬ জুন) সীতাকুণ্ডের শেখপাড়া এলাকায় চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই কিশোরের পা।
ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা সকাল ১০টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সে মাথায়ও আঘাত পেয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আহমদ হোসেন জানান, চলন্ত ট্রেনের ছাদে এক বগি থেকে অন্য বগিতে দৌড়ে যাওয়ার সময় ওই কিশোর ছিটকে নিচে পড়ে গেলে ট্রেনের চাকায় তার ডান পা কেটে যায়।
রেলওয়ে পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির এসআই আশরাফ সিদ্দিকী বলেন, ট্রেন থেকে পড়ে ওই কিশোরের পা কেটে যায়। তার নাম-পরিচয় জানা যায়নি।