শুক্রবার
২৭ জুন ২০২৫
১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: নিজেদের ফায়দা আদায়ের জন্য ইনকাম ট্যাক্সে বিএনপির নাম ভাঙিয়ে একটি সুবিধাভোগী চক্র আন্দোলন করছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, দলের অনুমতি ছাড়া বিএনপির নামে সরকারি দপ্তরে কেউ আন্দোলন করলে এ দায় বিএনপির না, বিএনপি এসব আন্দোলন সমর্থন করে না। ইনকাম ট্যাক্সে বিএনপির নামে যারা আন্দোলন করছে তারা বিএনপির কেউ না।
শুক্রবার (২৭ জুন) দুপুরে রাজধানীর নয়া পল্টনে ঢাকা মহানগর পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত রথযাত্রা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, রক্ত ও সংগ্রামের ভেতর দিয়ে যে সুযোগ তৈরি হয়েছে, তা ভবিষ্যতে ভালো রাজনৈতিক পরিবেশের ভিত্তি গড়বে। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের কথাতেই স্পষ্ট হয়েছে হাসিনার আমলে সব নির্বাচন অবৈধভাবে অনুষ্ঠিত করা হয়েছিল।
এছাড়া বর্তমান সরকার সংস্কার করে দ্রুত নয় যৌক্তিক সময়ে নির্বাচন দেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন রিজভী।