শনিবার
০৫ জুলাই ২০২৫
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বেকারত্ব হ্রাস, দারিদ্র্য দূরীকরণ ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশবাদী ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (৫ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটে এই আহ্বান জানান তিনি।
রিজওয়ানা হাসান বলেন, ‘মুসলিম বিশ্বের অনেক দেশের মানুষ এখনো দারিদ্র্য, বেকারত্ব ও পরিবেশ বিপর্যয়ের মধ্যে রয়েছে। থ্রি-জিরো তত্ত্ব অনুসরণ করলে এই সংকট থেকে উত্তরণের পথ তৈরি হবে।
তিনি বলেন, ‘থ্রি-জিরো তত্ত্ব অর্থাৎ দারিদ্র্যের শূন্য হার, বেকারত্বের শূন্য হার এবং কার্বন নিঃসরণের শূন্য হার—এ তিনটি লক্ষ্য পূরণে একযোগে কাজ করতে হবে।
আন্তর্জাতিক এই সামিটে মুসলিম বিশ্বের প্রায় ১৫টি দেশ থেকে অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন।
সামিটে অংশ নেওয়া উদ্যোক্তারা বলেন, এটি কেবল সম্মেলন নয়, বরং একটি সচেতনতা ও পরিবর্তনের আন্দোলন। তাঁদের আশা, সামাজিক ব্যবসার মাধ্যমে মুসলিম বিশ্ব আরও ন্যায়ভিত্তিক ও টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।
সামিটে উপস্থিত মুসলিম দেশের প্রতিনিধিরা বলেন, রাজনৈতিক অস্থিরতা ও সংকটে থাকা দেশগুলোকে এগিয়ে নিতে সম্মিলিত সহযোগিতা জরুরি। পাশাপাশি মুসলিম দেশগুলো যেসব চ্যালেঞ্জের মুখোমুখি, তা মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ারও তাগিদ দেন তাঁরা।