সোমবার, ৯ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার

০৭ আগস্ট ২০২৫

২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

অক্সিজেনে সেতু ভেঙে দুই ভাগ, বন্ধ যান চলাচল

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় ২ নম্বর গেইট সড়কের স্টারশিপ সেতু ভেঙে দুই ভাগ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। শীতল ঝরনা খালের ওপর ব্রিজ ভেঙে সড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

সরেজমিন দেখা যায়, বর্তমানে সড়কের এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। সড়ক ভেঙে যাওয়ায় লাল ফিতা দিয়ে বেস্টনি তৈরি করে রাখা হয়েছে। বায়েজিদ থানার উপ পরিদর্শক (এসআই) সামশুল আলম জানান, সড়ক ভেঙে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে।

কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশের একটি টহল টিম দায়িত্ব পালন করছে। যান চলাচলে ধীর গতির কারণে অক্সিজেন ২ নম্বর গেইট সড়কের উভয়পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গামী শাটল ও নাজিরহাট রুটে ট্রেন চলাচলও বিঘ্নিত হচ্ছে।

১৯৮০ সালে শীতল ঝরনা খালের ওপর ব্রিজটি নির্মাণের পর সম্প্রতি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খাল প্রশস্ত করার কারণে ওই সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। চট্টগ্রাম সিটি করপোরেশন ব্রিজটি সংস্কারের উদ্যোগ নিয়েছে।

এদিকে আমবাগান আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত) নগরে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া পতেঙ্গা আবহাওয়া অফিসে রেকর্ড করা হয় ৩২ মিলিমিটার বৃষ্টি। ভোর ৬টার আগে তিন ঘণ্টায় ১২৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় সীতাকুণ্ডে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছেন পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল হাসান। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

এদিকে ভারী বর্ষণের ফলে নগরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েন অফিস ও স্কুলগামীরা। বৃষ্টির ফলে সড়কে যানবাহনের পরিমাণ কম থাকায় রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে নগরবাসীকে।