শনিবার
৩০ আগস্ট ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য একটি গোষ্ঠী সক্রিয় ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে ময়মনসিংহ টাউন হলে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “আজ দুঃখের সঙ্গে বলতে হচ্ছে—দেশে চক্রান্ত চলছে। ভবিষ্যতের নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি গোষ্ঠী। একটি উগ্রবাদী মহল উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চাইছে।
তিনি আরও বলেন, “১৯৭১ সালে যেমন হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টানসহ সব জাতি একসঙ্গে স্বাধীনতার জন্য লড়েছিল, ঠিক তেমনি আজও আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে।”
অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “নতুন বাংলাদেশ মানে প্রতিটি মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা। এখানে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলে কিছু থাকবে না—আমরা সবাই বাংলাদেশি, আমাদের সবার অধিকার সমান।”
প্রথমবারের মতো জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হলেও সংগঠনটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয় ২০০৭ সালে। পরে ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর বিএনপি একে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।