মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

০১ সেপ্টেম্বর ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

“জনসেবায় সমন্বয় চাই, দ্বন্দ্ব নয়”—মেয়রের বার্তা ওয়াসা-চসিককে

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরীতে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করে জনদুর্ভোগ কমাতে চট্টগ্রাম ওয়াসাকে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন

সোমবার (১ সেপ্টেম্বর) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে ওয়াসার সঙ্গে অনুষ্ঠিত সমন্বয় সভায় মেয়র বলেন, “ওয়াসার প্রধান দায়িত্ব হলো নগরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহ করা। জনগণ এখন কষ্ট পাচ্ছে, তাই কাজগুলো সময়মতো শেষ করা এবং সঠিকভাবে পরিচালনা করা জরুরি।”

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওয়াসার পক্ষে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম ও ডিপিডি আব্দুর রউফসহ কর্মকর্তারা।

চসিক কর্মকর্তারা জানান, ওয়াসার সুয়ারেজ প্রকল্পের কারণে নগরীর বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে রাস্তা খনন হওয়ায় যানবাহন ও পথচারীরা দুর্ভোগে পড়ছেন। এ বিষয়ে সিটি কর্পোরেশন ও ওয়াসার মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর তারা জোর দেন।

ওয়াসার কর্মকর্তারা জানান, চলমান সুয়ারেজ প্রকল্প সম্পন্ন হলে পানি সংকট থেকে মুক্তি মিলবে। যদিও সাময়িক অসুবিধা হচ্ছে, দীর্ঘমেয়াদে এটি নগরবাসীর জন্য সুফল বয়ে আনবে।

মেয়র বলেন, “ওয়াসা ও সিটি কর্পোরেশন উভয়ই জনসেবামুখী প্রতিষ্ঠান। এখানে দ্বন্দ্ব নয়, সমন্বয় জরুরি। ঠিকাদারদের কাজের মান ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যাতে জনভোগান্তি না বাড়ে।”

তিনি ওয়াসাকে সুনির্দিষ্ট সময়সূচি মেনে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, রাস্তা খননের আগে সিটি কর্পোরেশনকে জানাতে হবে। বার্ষিক পরিকল্পনা অনুযায়ী সমন্বিতভাবে কাজ করলে জনগণের ভোগান্তি কমবে।

এসময় মেয়র ওয়াসা ও চসিকের যৌথ সমন্বয়ে ৭–৮ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দেন এবং মাসিক বৈঠক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।