শনিবার
০৬ সেপ্টেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত ঐতিহ্যবাহী জশনে জুলুসে ঘটে গেলো মর্মান্তিক দুর্ঘটনা। প্রচণ্ড ভিড় ও গরমে অসুস্থ হয়ে পড়া এবং পদদলিত হওয়ার ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত আটজন।
মারা যাওয়া দুজন হলেন—পটিয়ার বাসিন্দা আইয়ুব আলী (৬০) এবং নগরের কালামিয়া বাজার এলাকার কিশোর সাইফুল ইসলাম (১৩)।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতালে নিলে মারা যান আইয়ুব আলী
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন আইয়ুব আলী। পরে হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইসিইউতে লড়াই করে হার মানলো কিশোর সাইফুল
এদিকে পদদলিত হয়ে আহত হয় সাইফুল ইসলাম। প্রথমে তাকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত মৃত্যু হয় তারও। মরদেহ রাখা হয়েছে মর্গে।
আহত আরও অনেকে
ভিড়ের মধ্যে নালার ওপর বসানো কাঠের সেতু ভেঙে আহত হন অন্তত ৭–৮ জন। তাদের মধ্যে একজনকে রাখা হয়েছে আইসিইউতে।
আঞ্জুমানে রহমানিয়ার মেডিক্যাল টিমের সহায়তা
হতাহতদের হাসপাতালে নিয়ে যায় আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিক্যাল টিম। তারা জানান, প্রচণ্ড ভিড় ও গরমে কয়েকজন অসুস্থ হয়ে পড়ে এবং পদদলিত হন। আটজনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়, তবে তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।