সোমবার
০৮ সেপ্টেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ইতিহাসজ্ঞ আন্দরকিল্লা শাহী জামে মসজিদের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় জড়িত থাকায় ০৩ চোরকে গ্রেফতার করেছে সিএমপির কোতোয়ালী থানা পুলিশ।
সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সিএমপি জানায়, শনিবার (৬ সেপ্টেম্বর) নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
এসময় জিজ্ঞাসাবাদ করা হলেও সঠিক তথ্য না দেওয়ায় আদালতের কাছে আবেদনের পর দুইদিন থানা হেফাজতে নিলে চোরাইকৃত তারের সন্ধান পাওয়া যায়।
পরে অভিযান পরিচালনা করে লালদিঘী মাঠের ঝোপঝাড় থেকে ২০০ মিটারের মধ্যে ১৭৫ মিটার তার উদ্ধার করে পুলিশ।
গ্রেফতার আসামিরা হলো মো. আবুল বশর (২৯), ভুটু মিয়া প্রকাশ জামাল (৩২) ও হেলাল উদ্দিন (১৯)। তারা কোতোয়ালী থানা এলাকার অস্থায়ী বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ছাদের উপর থেকে মেইন বিদ্যুৎ সংযোগের তার কেটে চুরি করে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার পরপর মসজিদের বিদ্যুৎ বন্ধ হয়ে যায় এবং নামাজের সময় আজান, ফ্যান ইত্যাদি কার্যক্রম পরিচালনায় বাধাগ্রস্ত হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট মসজিদ কমিটি স্থানীয় কোতোয়ালী থানায় একটি চুরির মামলা দায়ের করে। সেই অভিযোগেই ০৩ জনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ১৭৫ মিটার তার উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম জানান, মসজিদের তার চুরির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।