মঙ্গলবার
০৯ সেপ্টেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


উপজেলা প্রতিনিধি:: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়ন ও বরুমচড়া ইউনিয়নে এ দুটি দুর্ঘটনা ঘটে।
বিকেল ৪টার দিকে বৈরাগ ইউনিয়নের খান বাড়ি পাহাড়ের এক্কুদ্দা এলাকায় হাতির জন্য পাতানো বৈদ্যুতিক ফাঁদে আটকে প্রাণ হারান জাহেদ খান (১৮)।
এ সময় জাহেদকে বাঁচাতে গিয়ে আরও দুইজন—আমির খান (২০) ও মেহেরুন্নেসা বাহান্নী (৩৫) আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গরু দেখভালের জন্য মাঠে আসেন জাহেদ। এ সময় স্থানীয় জাফর মাস্টারের ছেলের দেওয়া বৈদ্যুতিক ফাঁদে স্পর্শ করলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। আহতদের দ্রুত উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও চিকিৎসক জাহেদকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বিকেল ৩টার দিকে উপজেলার বরুমচড়ায় পাকা দেয়াল নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান হানিফ (২০)। তিনি বরুমচড়া ইউনিয়নের ভরাচর গ্রামের আবু তাহেরের ছেলে।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাছির জাহেদ বলেন, “দুই যুবককে হাসপাতালে আনার আগেই তারা মারা যান।”
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে আরেক যুবকের মৃত্যুর ঘটনাটিও তদন্ত করা হচ্ছে।