শুক্রবার
১২ সেপ্টেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে প্রাইভেটকারে থাকা বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার মেয়ে মুসকান (৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ঢাকামুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ঠাকুরদিঘী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে মারা যান।
পরে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর দুজনকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, নিহত গোলাম সরোয়ার পরিবার নিয়ে ঢাকার উত্তরা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। কিন্তু পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি ও তাঁর কন্যা।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, “সকালে ঠাকুরদিঘী এলাকায় দ্রুতগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা-মেয়ে মারা যান। মরদেহ বর্তমানে থানার হেফাজতে রয়েছে।”
তিনি আরও জানান, নিহত গোলাম সরোয়ারের স্ত্রী ও ছেলে সামান্য আহত হয়েছেন। তারা এখন মোটামুটি সুস্থ আছেন।