রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

১২ সেপ্টেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কক্সবাজারে ফুটবল ফাইনালে রক্তক্ষয়ী সংঘর্ষ, ইউএনওসহ অর্ধশত আহত

কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিনসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ও সন্ধ্যায় দুই দফায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকেলে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। খেলা শুরুর আগেই স্টেডিয়াম দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেক দর্শক গেট ভেঙে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটকে দেয়।

একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর গ্যালারি থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।

এতে ইউএনওসহ অন্তত অর্ধশত আহত হন। পরে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন সংখ্যার চেয়ে বেশি টিকিট বিক্রি ও ৫০ টাকার টিকিট ৫০০ টাকায় বিক্রির অভিযোগে দর্শকের মধ্যে ক্ষোভ দেখা দেয়। খেলা শুরু হওয়ার আগেই গ্যালারি ভেঙে অনেকে মাঠে প্রবেশ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

কক্সবাজার ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ হোসাইন বলেন, “কিছু উচ্ছৃঙ্খল দর্শক স্টেডিয়ামে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালিয়েছে।”

এ বিষয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।”