সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

১২ সেপ্টেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

“গণতন্ত্র তখনই অন্তর্ভুক্তিমূলক, যখন প্রবাসীরাও অংশ নেন” — সিইসি নাসির উদ্দিন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দেশের ভবিষ্যৎ গঠনে প্রবাসী বাংলাদেশিদের সরাসরি অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, “যেখানেই তারা থাকুক না কেন, সব নাগরিক যখন অংশগ্রহণ করতে পারে তখনই গণতন্ত্র অন্তর্ভুক্তিমূলক হয়।”

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার কার্যক্রম উদ্বোধন করেন সিইসি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কয়েকজন প্রবাসীর হাতে প্রতীকীভাবে স্মার্ট এনআইডি কার্ড তুলে দেন।

সিইসি আরও বলেন, প্রবাসীরা রেমিট্যান্স, বিনিয়োগ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে যেভাবে অবদান রাখছেন, সেভাবেই তাঁদের দেশের ভবিষ্যৎ গঠনে সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকা উচিত। তিনি বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটাধিকার সহজলভ্য করার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সিইসি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং তাঁদের মতামত শোনেন। এতে প্রবাসীদের অভিজ্ঞতা ও পরামর্শকে দেশের নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার গুরুত্বের প্রতি জোর দেওয়া হয়।

নতুন এই উদ্যোগের আওতায় এখন কানাডায় বসবাসরত বাংলাদেশিরা অটোয়ায় বাংলাদেশ হাইকমিশন এবং টরন্টোর কনস্যুলেট জেনারেল অফিস থেকে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজী রাসেল পারভেজ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি হাইকমিশনার দেওয়ান হোসনে আয়ুব। কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রায় এক কোটি প্রবাসী নাগরিকের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ ও নিশ্চিত করাই এই কর্মসূচির লক্ষ্য।

এ উদ্যোগের মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রবাসীদের অবদান আরও সুসংহত হবে এবং দেশের নীতি নির্ধারণ ও নির্বাচনী প্রক্রিয়ায় তাঁদের কণ্ঠস্বর প্রতিফলিত হবে।