মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

১৩ সেপ্টেম্বর ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ইলিশের আড়ালেই আছে অভাবের চিত্র

নিউজ ডেস্ক: সূর্য উটার আগেই জেগে ওঠে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র। নীল সমুদ্র থেকে ভোরের আলো ফুঁড়ে বন্দরে ভীড় জমায় ইলিশবাহী ট্রলার। একের পর এক ট্রলারের ভীড়। ট্রলার নোঙর ফেলতেই বন্দরের পুরো আঙিনা কেঁপে ওঠে।

কানে ভেসে আসে, ‘ইলিশ, ইলিশ! টাটকা ইলিশ, হাঁকডাকে মুখর হয় বন্দর।। নদীর ইলিশ। সাগরের ইলিশ। সুন্দরবনের মটকা চিংড়ি।’ সাগরের লোনা হাওয়া, রোদে চকচক মাছের আঁশ, দাম হাঁকাহাঁকিতে সমুদ্রঘেঁষা জীবন এখানে এখন প্রতিদিনই নতুন রং ছড়ায়। কিন্তু ঝলমলে ইলিশের আড়ালেই আছে অভাবের চিত্র। সাগর থেকে ট্রলারে যে ইলিশ আসছে, সেগুলো আকারে ছোট।

সাগরে ছোট ইলিশের দেখা মিললেও নদীতে জাল ফেলেও তেমন ইলিশ পাচ্ছেন না জেলেরা। অথচ এই সময়েই সীমান্ত পেরিয়ে পাড়ি দেবে এক হাজার ২০০ টন ইলিশ। ওপারে ভারতে ইলিশের উৎসবের উল্লাস, আর এপারে জেলের ঘরে চড়ছে অভিমানের ঢেউ।

খালি জাল, চড়া দাম : ভোলা, বরিশাল, কলাপাড়া, পাথরঘাটা, তালতলীর জেলেরা জানিয়েছেন, নদীতে বড় ইলিশ নেই। জেলেরা দিনরাত সাগরে গেলেও ছোট ইলিশ নিয়ে ফিরছেন, সেখানেও বড় ইলিশের দেখা নেই।

যে ছোট আকারের ইলিশ তোলা হচ্ছে দাম তার আকাশছোঁয়া। জানা গেল, আড়তে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকায়, আরো বড় হলে দাম তিন হাজার টাকার বেশি। খুচরা বাজারে ৬০০ গ্রামের ইলিশও প্রায় দেড় হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

৪০০ গ্রামের ইলিশও মিলছে না হাজার টাকার নিচে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, এ মৌসুমে ইলিশের দাম কেজিপ্রতি ৯০০ থেকে দুই হাজার ২০০ টাকার মধ্যে। গত বছর একই সময়ে তা ছিল ৮০০ থেকে এক হাজার ৬০০ টাকা।

জানা গেছে, এক দশক আগেও ভরা মৌসুমে আধাকেজি থেকে এক কেজি ওজনের ইলিশের গড় দাম ছিল ৫০০ টাকা। তা বেড়ে এখন হয়েছে কয়েক গুণ। অভিযোগ পাওয়া গেছে, সাগরের ইলিশ ক্রেতার কাছে বিক্রি করা হচ্ছে নদীর বলে।