মঙ্গলবার
১৬ সেপ্টেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনকে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের তিনটি মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা বিচারক আবদুর রহমান এ আদেশ দেন। এ সময় মেয়র শাহাদাত হোসেন নিজে আদালতে উপস্থিত ছিলেন।
ডা. শাহাদাত হোসেনের আইনজীবী অ্যাডভোকেট আহমেদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ জানান, বাংলাদেশ সচিবালয়ের আইন শাখার নির্দেশনায় দায়ের করা দুটি মামলায় তার অব্যাহতি দেওয়া হয়েছে। আরেকটি মামলায় আদালত পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে শুনানি শেষে তাকে খালাস দিয়েছেন। এই তিনটির মধ্যে দুটি মামলা ছিল বিশেষ ক্ষমতা আইনে, এবং একটি মামলা ছিল বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে।
আইনজীবীরা জানান, বিগত সরকারের সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ায় এসব মামলা দায়ের করা হয়েছিল। রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যেই এসব মামলা গঠিত হয়েছিল।
আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপি নেতা শাহাদাত হোসেনের বিরুদ্ধে মোট ১১০টি মামলা হয়েছে, যার মধ্যে ৪০টি মামলায় তিনি ইতোমধ্যেই অব্যাহতি ও খালাস পেয়েছেন। এদিন আদালতে মামলা পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার, সাবেক সভাপতি এনামুল হক, মহানগর পিপি মফিজুল হক ভূইয়া, অ্যাডভোকেট তারিক আহমেদসহ আরও কয়েকজন আইনজীবী।
আদালত প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ডা. শাহাদাত হোসেন বলেন, “মিথ্যা ও হয়রানিমূলক মামলার মাধ্যমে আমাকে এবং গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। তবে আল্লাহর রহমত, আদালতের ন্যায়বিচার এবং আপনারা যে দোয়া ও ভালোবাসা দিয়েছেন, তার ফলে আমি আজ অব্যাহতি পেয়েছি। সত্যকে কখনোই চাপা দেওয়া যায় না। আমি জনগণের কল্যাণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আজীবন অবিচল থাকব। সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি আবারো জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যাবে।”