সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মন্ত্রণালয় বলছে: যাচাই-বাছাই শেষে ভুয়া নাম গেজেট থেকে বাদ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ভুয়া প্রমাণিত হলে ‘জুলাই শহীদ’ ও ‘জুলাই যোদ্ধা’ তালিকা থেকে সংশ্লিষ্টদের নাম বাদ দিয়ে গেজেট প্রকাশ করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয় এক ব্যাখ্যায় এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু গণমাধ্যমে ভুয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদগুলোর প্রতি মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে তালিকা এমআইএসভুক্ত করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তা ইতোমধ্যেই গেজেট আকারে প্রকাশিত হয়েছে। জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধার তালিকায় যে সব ভুয়া নাম অন্তর্ভুক্ত ছিল, সেগুলো যাচাই-বাছাই করে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে।

এছাড়া, গণমাধ্যমে যেসব ভুয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধার নাম প্রকাশিত হয়েছে, সেগুলো যাচাই-বাছাই করছে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর। কোনো নাম ভুয়া প্রমাণিত হলে তা তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ।