শুক্রবার
১৯ সেপ্টেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশে আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব করেছে বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে সয়াবিন ও পাম তেলের প্রতি লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে পরিশোধনকারী ও বিপণনকারীরা।
আগামী রোববার (২১ সেপ্টেম্বর) এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম বেড়ে ১ হাজার ২০০ ডলার ছুঁয়েছে। সাম্প্রতিক সময়ে সয়াবিন ও পাম তেলের দাম ১৮ থেকে ২০ শতাংশ বেড়েছে। তাই তারা দাম সমন্বয়ের প্রস্তাব করেছে।
তবে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি লিটারে ১০ টাকা বাড়ানো আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতিপূর্ণ নয়। ব্যবসায়ীদের প্রস্তাবটি পর্যালোচনায় রয়েছে। সাধারণত বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এ ধরনের পর্যালোচনা শেষে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, “ব্যবসায়ীরা দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছেন সেটা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। আমরা বিষয়টি পর্যালোচনা করছি, তারপর সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গত ১২ আগস্ট সরকার পাম তেলের দাম লিটারপ্রতি ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করে। তবে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থেকে ১৮৯ টাকা ছিল। এরও আগে এপ্রিল মাসে সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করা হয়।
এদিকে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ১৫ সেপ্টেম্বর থেকে সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টার তেল আমদানিতে এক শতাংশ উৎসে কর বসিয়েছে। ব্যবসায়ীদের দাবি, এই ব্যবস্থাও ভোজ্যতেলের বাজারে প্রভাব ফেলছে।