শুক্রবার
১৯ সেপ্টেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিপ্লব তখনই সফল হয় যখন শক্তিশালী সংগঠন থাকে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাংলা একাডেমির আব্দুল করিম মিলনায়তনে আয়োজিত মার্কসবাদী কমিউনিস্ট নেতা বদরউদ্দিন উমরের শোকসভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “আজ যে হতাশা তৈরি হয়েছে, তার মূল কারণ সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তবে বিপ্লব হয় না। যারা সমাজ পরিবর্তন করতে চান, সাধারণ মানুষের অবস্থার উন্নতি করতে চান, তাদের অবশ্যই সংগঠনকে শক্তিশালী ও মজবুত করতে হবে এবং মানুষের কাছে পৌঁছাতে হবে।”
তিনি আরও বলেন, বদরউদ্দিন উমর আজীবন উচ্চ ও শ্রদ্ধার আসনে অবস্থান করেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তার আদর্শের প্রতি অটল ছিলেন। “আমরা যারা আজ রাজনীতি করি, তার কাছে নিজেদের খুব ছোট মনে হয়। কারণ তিনি কখনো আপস করেননি।”
শোকসভায় ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “তার সম্পাদিত পত্রিকা আমি নিয়মিত পড়তাম। তিনি অসাধারণ ছিলেন। গবেষণায় তিনি শতাধিক বই লিখেছেন।
ব্যক্তিগত সম্পত্তি ভোগ করেননি, বরং ছড়িয়ে দিয়েছেন। রাষ্ট্রভাষা আন্দোলনের শুরুতে সাংস্কৃতিক ও সাম্প্রদায়িক বিষয়ে লেখার কারণে তাকে একটি পত্রিকা থেকে বের করে দেওয়া হয়েছিল। পরে তিনি ‘নয়া পদধ্বনি’ পত্রিকা প্রকাশ করেছিলেন, যেখানে সংস্কৃতি ও মুক্তিভঙ্গির বিপক্ষে অবস্থান নিয়েছিলেন।”
বক্তারা আরও বলেন, “যে কোনো ঘটনায় তিনি লেখার মাধ্যমে বিশ্লেষণ করতেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখন আর তার লেখা পড়া হবে না—এটাই সবচেয়ে বড় ক্ষতি। তার চলে যাওয়ায় রাজনৈতিক অঙ্গন অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।”
শোকসভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “ভালো ছাত্র রাজনীতি করে—এই জ্ঞান কারও ছিল না, তিনি তা প্রমাণ করেছেন। তার মৃত্যুর পর আমরা অনেক কিছু হারিয়েছি। তিনি অসাধারণভাবে গণঅভ্যুত্থানকে অনুধাবন করতে পেরেছিলেন। তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।”