শনিবার
২০ সেপ্টেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: আগামী বছরের জানুয়ারি থেকে বাংলাদেশসহ মোট ৯টি দেশের নাগরিকদের জন্য পর্যটন ও কর্ম ভিসায় অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
সংযুক্ত আরব আমিরাতের অভিবাসন বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো—বাংলাদেশ, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।
কারণ হিসেবে যা জানানো হয়েছে
আমিরাত কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং কোভিড-১৯ মহামারির মতো বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকিকে এই সিদ্ধান্তের কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা এখনো প্রকাশ করেনি দেশটির সরকার।
কবে থেকে কার্যকর?
২০২৬ সালের জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এরপর থেকে উল্লিখিত দেশগুলোর নাগরিকরা ইউএই’র পর্যটন, কর্ম কিংবা ব্যবসায়িক ভিসার জন্য আবেদন করতে পারবেন না। এই সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।