শনিবার
২০ সেপ্টেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত যদি দলের নেতাকর্মীরা ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে পারেন, তবে জনগণের রায় ধানের শীষের পক্ষেই আসবে। এজন্য যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, দেশে সরাসরি স্বৈরাচার না থাকলেও এখন একটি ‘অদৃশ্য শক্তি’ ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। এই পরিস্থিতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করতে নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারেক রহমান বলেন, এখন আর বসে থাকার সময় নেই। দেশের মানুষকে ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হলে সবাইকে সক্রিয়ভাবে মাঠে থাকতে হবে। দলের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থে লাভবান না হয় বা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে না পারে— সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে।
রাজনৈতিক সংস্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারেরও আগে, প্রায় আড়াই বছর আগেই সংস্কারের প্রস্তাব দিয়েছে। আমরা পরিবর্তনের পক্ষে। তবে সেই পরিবর্তন হতে হবে জনগণের রায়ে প্রতিষ্ঠিত একটি বৈধ সরকারের মাধ্যমে।