সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২২ সেপ্টেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

“আজকের ছাত্রীই আগামী দিনের রাষ্ট্রনায়ক”— চসিক মেয়র শাহাদাত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশকে দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মাননা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মেয়র বলেন, “শিক্ষকরা শিক্ষার মূল ভিত। তাঁদের হাত ধরেই তৈরি হয় আদর্শ মানুষ। শিক্ষা শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়, বরং একজন মানুষকে মূল্যবোধে সমৃদ্ধ করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিবেদিত হওয়ার জন্য।”

তিনি আরও বলেন, প্রকৃত শিক্ষা অর্জনে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের সমন্বিত প্রয়াস প্রয়োজন। নারীশিক্ষার প্রসার সমাজকে আলোকিত করবে বলেও মন্তব্য করেন মেয়র।

ডা. শাহাদাত বলেন, “আজকের ছাত্রীরাই আগামী দিনে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে। শিক্ষার আলোয় আলোকিত মেয়েরা হবে জাতির সম্পদ।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অভিভাবক প্রতিনিধি অধ্যক্ষ জয়নাল আবেদীন, অধ্যক্ষ মোহাম্মদ আরিফ উল হাছান চৌধুরী, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আলী জাফর সাদেক, সহকারী প্রধান শিক্ষিকা (দিবা শাখা) খাদিজা বেগম, সহকারী প্রধান শিক্ষিকা (প্রাতঃ শাখা) রাজিয়া বেগম, খুরশীদ জাহান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দেলোয়ার হোসেন ও শাহপার আনজুমান।