সোমবার
২২ সেপ্টেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়ের দিকে দ্রুত ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘রাগাসা’। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ইতোমধ্যে দেশটির প্রশাসন জরুরি সতর্কতা জারি করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সাউথ চায়না মর্নিং পোস্ট এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিপদের আশঙ্কায় হংকং আন্তর্জাতিক বিমানবন্দর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। এ সময়ে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। টার্মিনাল খোলা থাকলেও ব্যাপক ফ্লাইট বিলম্ব বা বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।
হংকং অবজারভেটরি সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে সতর্কতা সংকেত নম্বর ১ জারি করে। রাত ৯টা ৪০ মিনিটে এটি সংকেত নম্বর ৩-এ উন্নীত করার ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার দুপুর ১টা থেকে ৪টার মধ্যে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় সংকেত নম্বর ৮ জারি হতে পারে।
এদিকে, মঙ্গলবার ও বুধবার দুই দিন সব প্রাথমিক, মাধ্যমিক ও কিন্ডারগার্টেন স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৩০ কিমি
আবহাওয়াবিদদের তথ্যমতে, সোমবার ভোর ৫টায় টাইফুনটি লুজোন প্রণালী অতিক্রম করে। এ সময় এর কেন্দ্রস্থলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৩০ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়। ‘রাগাসা’ নামটি ফিলিপিনো শব্দ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ “দ্রুতগতি।”
আবহাওয়া বিশেষজ্ঞ চয় চুন-উইং জানান, “রাগাসার পরিসর ও গতি এতটাই ব্যাপক যে, সরাসরি হংকংয়ে আঘাত না হানলেও এর প্রভাব ২০১৮ সালের ‘মাংখুত’-এর চেয়েও বেশি হতে পারে।”
উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কা
টাইফুনের প্রভাবে সমুদ্রের জোয়ার ভয়াবহ আকার ধারণ করতে পারে। উপকূলীয় তলো হারবারে জোয়ারের উচ্চতা ৪ থেকে ৫ মিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা রেকর্ড ভাঙার আশঙ্কা রয়েছে। লেই ইউ মুন, হেং ফা চুয়েন, তুয়েন মুন ও তাই ও এলাকার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
সরকারের প্রস্তুতি
হংকংয়ের প্রধান নির্বাহী জন লি কা-চিউ জানান, সিকিউরিটি ব্যুরোকে ইতোমধ্যেই জরুরি মনিটরিং ও সাপোর্ট সেন্টার সক্রিয় করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মন্ত্রী ও বিভাগীয় প্রধানদের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করার আহ্বান জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার সকালে ‘রাগাসা’ হংকংয়ের সবচেয়ে কাছাকাছি অবস্থান করবে। ফলে নাগরিকদের দ্রুত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।