সোমবার
২২ সেপ্টেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: সরকার আবারও সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, খোলা ও বোতলজাত সয়াবিন এবং পাম তেলের দাম বাড়ানো হয়েছে। তবে কতটুকু বাড়ানো হবে তা ব্যবসায়ীরা আনুষ্ঠানিকভাবে জানাবেন।
এর আগে দেশের ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন লিটারে ১০ টাকা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়।
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, “ব্যবসায়ীরা যে প্রস্তাব দিয়েছে সেটা আন্তর্জাতিক বাজারের তুলনায় বেশি। বিষয়টি আমরা পর্যালোচনা করছি। এরপর সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”
ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম প্রতি ব্যারেল ১,২০০ ডলার ছুঁয়েছে। গত কয়েক মাসে বিশ্ববাজারে সয়াবিন ও পাম অয়েলের দাম ১৮–২০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১৩ এপ্রিল সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়।