রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২৩ সেপ্টেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ব্যালন ডি’অরে এবারের সম্রাট উসমান দেম্বেলে, সম্রাজ্ঞী বনমাতি

অনলাইন ডেস্ক: অবশেষে বার্সেলোনার লামিনে ইয়ামালকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ডি’অর জিতলেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড ২৮ বছর বয়সী উসমান দেম্বেলে এবং টানা তৃতীয়বারের মতো মেয়েদের ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানো বনমাতি।

প্রথম নারী ফুটবলার হিসেবে তিনবার বর্ষসেরার এই পুরস্কার জিতলেন বনমাতি । ছাড়িয়ে গেলেন দুইবার জেতা বার্সেলোনা ও স্পেনের আরেক ফুটবলার আলেক্সিয়া পুতেয়াসকে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে প্যারিসে জমকালো অনুষ্ঠানে তাদের হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর পুরস্কার, ব্যালন ডি’অর-২০২৫।

পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন উসমান দেম্বেলে। ফরাসি জায়ান্টদের ট্রেবল জয়ের পথে রেখেছেন অন্যন্য অবদান। তাতে ব্যালন ডি’অর জয়ের জন্য অনেকেই এগিয়ে রাখছিলেন দেম্বেলেকে। পুরস্কারটি তার ‘প্রাপ্য’ বলেও মনে করছিলেন কেউ কেউ। গত মৌসুমে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ, লিগ আঁ ও ফরাসি কাপ জয়ে বড় অবদান রাখেন তিনি। এছাড়া এক ম্যাচের শিরোপা লড়াই ফরাসি সুপার কাপেও জয়সূচক একমাত্র গোলটি করেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।

প্রথমবারের মতো পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আসরে ৮টিসহ সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করেন তিনি ৫৩ ম্যাচ খেলে। সরাসরি গোলে সহায়তা করেন ১৬টিতে। অন্যদিকে, ফুটবলের আঙিনায় ইয়ামালও দারুণ উজ্জ্বল ছিলেন গত মৌসুমে। সেইবার বার্সেলোনার লা লিগা, কোপা দেল ও স্প্যানিশ সুপার কাপ জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন তরুণ স্প্যানিশ উইঙ্গার। মৌসুমজুড়ে চোখধাঁধানো পারফরম্যান্সে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে ১৮ গোল করার পাশাপাশি ২৫টি অ্যাসিস্ট করেন তিনি।

এ ছাড়া, ২৭ বছর বয়সী বনমাতি গত মৌসুমে বার্সেলোনা নারী দলের ঘরোয়া ট্রেবল জয়ে বড় অবদান রাখেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ গোল করার পাশাপাশি ১২টি অ্যাসিস্ট করেন তিনি, নির্বাচিত হন উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম-সেরা খেলোয়াড়। প্রতিযোগিতাটির ফাইনালে আর্সেনালের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় বার্সেলোনা।

প্রসঙ্গত, ব্যালন ডি’অর দেওয়ার ক্ষেত্রে নিয়মে পরিবর্তন আনা হয় ২০২২ সালে। আগে ক্লাব ও জাতীয় দলের হয়ে পুরো বছরের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হলেও, এখন বিবেচনায় ধরা হয় ইউরোপিয়ান ফুটবলের একটি মৌসুমকে (আগস্ট থেকে জুলাই)। সাংবাদিকদের ভোটে নির্বাচিত হন বিজয়ী।