শুক্রবার
২৬ সেপ্টেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ অন্তত তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাগলা বাজার এলাকায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, দ্রুতগামী একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, “সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। আমরা নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছি।”
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।