শুক্রবার
২৬ সেপ্টেম্বর ২০২৫
২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে হিন্দু সেজে স্বর্ণের অলংকার চুরির অভিযোগে রুনা আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগর উপজেলার ধরমন্ডল গ্রামে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুর বাড়ির মেলায় এ ঘটনা ঘটে।
মন্দির কমিটির দায়িত্বপ্রাপ্ত মাস্টার শ্যামল মজুমদার জানান, মেলার ভিড়ের সুযোগ নিয়ে ওই নারী সিঁদুর পরা ও হাতে শাঁখা পরে পূণ্যার্থীদের ভিড়ে মিশে যান। এ সময় তিনি এক পূণ্যার্থীর গলা থেকে স্বর্ণের চেইন টান দেন। স্থানীয়রা তাকে হাতে-নাতে আটক করে। পরে গ্রাম পুলিশ হিমাংশু দাশ জনতার হাত থেকে উদ্ধার করে মন্দিরের একটি কক্ষে আটকে রেখে থানায় খবর দেন।
খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক নারীকে থানায় নিয়ে আসে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, “কালাচাঁদ ঠাকুর বাড়িতে এক মহিলা শাঁখা-সিঁদুর পরে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তার বিরুদ্ধে চুরির মামলা রুজু করা হয়েছে।”