শনিবার
২৭ সেপ্টেম্বর ২০২৫
১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বোয়ালখালীতে বিলের পানিতে বসানো মাছ ধরার ফাঁদে ধরা পড়েছে ১১ ফুট লম্বা এক অজগর।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আহলা করলডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষি গ্রামের একটি বিলে সাপটি ধরা পড়ে।
প্রত্যক্ষদর্শী বটন ঘোষ বলেন, গগন মাস্টারের বাড়ির পাশের বিলের পানিতে মাছ ধরার জন্য ফোতা (ফাঁদ) বসিয়েছিলাম। সকাল ৮টার দিকে সেটি তুলতে গিয়ে দেখি বিশাল এক অজগর সাপ তাতে আটকা পড়েছে।
খবর পেয়ে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমির হোসাইন শাওন অজগরটি উদ্ধার করেন।
শাওন বলেন, বার্মিজ প্রজাতির অজগরটি লম্বায় প্রায় ১১ফুট এবং ওজন আনুমানিক ১২ কেজি হবে। সাপটি নিরাপদে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি। উদ্ধার হওয়া সাপটি বন বিভাগের সাথে কথা বলে জঙ্গলে অবমুক্ত করা হবে।
তিনি জানান, এ নিয়ে গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চারটি অজগর উদ্ধার করা হয়েছে।