সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

৩০ সেপ্টেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মাঠে নামছে র‍্যাব—কঠোর নজরদারিতে আসন্ন নির্বাচন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে যেকোনো ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)সহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুল রহমান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

র‍্যাব ডিজি বলেন, “নির্বাচন বানচালের উদ্দেশ্যে সরকারবিরোধীরা ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টা চালাচ্ছে। তবে এসব মোকাবিলায় র‍্যাব প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।”

তিনি জানান, লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রায় ১ হাজার ৩৫৭টি অস্ত্রের মধ্যে ইতোমধ্যে ৭০–৮০ শতাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। শুধু গত মাসেই উদ্ধার করা হয়েছে তিনটি পিস্তল। বাকি অস্ত্রগুলোও জাতীয় নির্বাচনের আগেই উদ্ধার সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসব অস্ত্র এখনো বাইরে থাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে উল্লেখ করে র‍্যাব ডিজি বলেন, “এগুলো অপরাধী গোষ্ঠীর হাতে যাওয়ার শঙ্কা রয়েছে।”

খাগড়াছড়িতে ধর্ষণ ঘটনায় সৃষ্ট অস্থিরতার প্রসঙ্গে তিনি বলেন, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হলেও ঘটনাটিকে রাজনৈতিকভাবে বড় আকার দেওয়ার চেষ্টা হয়েছে। এর সঙ্গে কোনো বিদেশি অপশক্তি জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া নির্বাচনকালীন দায়িত্ব পালনে র‍্যাবের প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের কার্যক্রম জোরদার করা হয়েছে। একইসঙ্গে সদস্যদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

গাজীপুরে র‍্যাব সদস্যদের আটকে রাখার প্রসঙ্গে এ কে এম শহিদুল রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং দায়ীদের গ্রেপ্তার করা হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাব সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।