বুধবার
০১ অক্টোবর ২০২৫
১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


ক্রীড়া প্রতিবেদক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে বড় চমক তৈরি হয়েছে। শেষ মুহূর্তে সাধারণ পরিচালক পদে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
আজ বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়। তবে তামিম সকাল সাড়ে ১০টাতেই বিসিবি কার্যালয়ে এসে নিজের মনোনয়নপত্র তুলে নেন। শুধু তামিম নন, তার ঘনিষ্ঠ আরও কয়েকজন সংগঠককেও বিসিবিতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তারাও একই পথে হাঁটবেন।
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির বহুল আলোচিত নির্বাচন। গঠনতন্ত্র অনুযায়ী, জেলা ও বিভাগ ক্যাটাগরি থেকে ৭১ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন ১০ জন পরিচালক, ক্লাব ক্যাটাগরি থেকে ৭৬ জন কাউন্সিলরের ভোটে আসবেন ১২ জন পরিচালক এবং বিশ্ববিদ্যালয় ও সংস্থা ক্যাটাগরি থেকে ৪৫ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন একজন পরিচালক।
মোট ২৫ জন পরিচালক নির্বাচিত হওয়ার পর তাদের ভোটেই ঠিক হবে বিসিবির পরবর্তী সভাপতি।
তামিমের সরে দাঁড়ানোর ফলে বিসিবির আসন্ন নির্বাচনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। ক্রিকেট মহল বলছে, এ সিদ্ধান্তে নির্বাচনের চিত্র নাটকীয়ভাবে পাল্টে যেতে পারে।