বুধবার
০১ অক্টোবর ২০২৫
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ। গত ছয় মাস ধরে তিনি লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। অভিনেতার অসুস্থতা ও চিকিৎসা সম্পর্কে প্রথমবার বিস্তারিত জানিয়েছেন তার ছেলে মিরাজুল মইন জয়।
নিসচা আয়োজিত সংবাদ সম্মেলনে বুধবার (১ অক্টোবর) কানাডা থেকে ভার্চুয়ালি কথা বলে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
মিরাজুল মইন জানান, তার বাবা ব্রেন টিউমারে আক্রান্ত এবং চিকিৎসা এখনও চলমান। বছরের শুরুতে নানা শারীরিক সমস্যায় ভুগতে শুরু করলে ৯ এপ্রিল তাকে ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ ছয় ঘণ্টার পরীক্ষা-নিরীক্ষার পর এমআরআই করা হলে ১৩ এপ্রিল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্সে তার চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।
ডাক্তাররা জানান, টিউমারটি মস্তিষ্কের গভীরে গুরুত্বপূর্ণ নার্ভ সংযোগস্থলে অবস্থান করছে, তাই সরাসরি অপারেশন করা সম্ভব নয়। এরপর পরিবার লন্ডনে চিকিৎসার সিদ্ধান্ত নেয়। ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চন লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সেখানে হারলি স্ট্রিট ক্লিনিকে তিন মাস পরীক্ষা-নিরীক্ষার পর ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে অস্ত্রোপচার করা হয়।
চিকিৎসকরা জানান, পুরো টিউমার অপসারণ সম্ভব নয়; অপারেশনের ফলে জীবনহানি বা প্যারালাইসিসের ঝুঁকি থাকতে পারে। পরিবারের অনুমতিতে টিউমারের একটি অংশ অপসারণ করা হয়েছে, বাকিটা রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে। চলতি মাসে রেডিয়েশন ও কেমোথেরাপি শুরু হবে। চিকিৎসা সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ চলবে এবং এরপর চার সপ্তাহ ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবেন।
মিরাজুল মইন জয় বলেন, ডাক্তাররা যখন অনুমতি দেবেন, তখনই ইলিয়াস কাঞ্চন বাংলাদেশে ফিরতে পারবেন। তিনি দেশের সকলের কাছে আবারও দোয়া প্রার্থনা করেছেন তার দ্রুত সুস্থতার জন্য।