বৃহস্পতিবার
০২ অক্টোবর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ মরক্কো জেনারেশন-জেড বা তরুণ প্রজন্মের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। উপকূলীয় শহর আগাদিরে পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন বুধবার (১ অক্টোবর)।
রয়টার্স জানায়, আগাদিরের লাকলিয়া এলাকায় একদল বিক্ষোভকারী অস্ত্র লুটের উদ্দেশ্যে একটি থানায় হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও টিয়ারশেল ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন, আহত হন আরও কয়েকজন।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিক্ষোভকারীরা ওই থানা ও পুলিশের যানবাহনে আগুন দেন। একই দিন আগাদিরের বিয়ৌগ্রা এলাকায় একটি ব্যাংক ও একাধিক দোকান লুট হয়। রাজধানী রাবাতে গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশজুড়ে ছড়িয়ে পড়ছে।
বেকারত্ব-দুর্নীতি বিরোধী আন্দোলন
‘জেনজি ২১২’ নামে একটি তুলনামূলক অপরিচিত সংগঠন বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে গেমিং অ্যাপে প্রচারণা চালিয়ে তরুণদের রাস্তায় নামতে উৎসাহ দিচ্ছে তারা।
বিক্ষোভকারীরা বেকারত্ব নিরসন, দুর্নীতি দমন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের দাবি তুলেছেন। তারা মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখান্নৌচের পদত্যাগও দাবি করছে।
বেকারত্বই মূল সংকট
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মরক্কোয় বেকারত্বের হার এখন ১২.৮ শতাংশ। তরুণদের মধ্যে এই হার আরও ভয়াবহ—৩৫.৮ শতাংশ। স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে ১৯ শতাংশ বেকার।
প্রথমদিকে শান্তিপূর্ণ আন্দোলন হলেও পরে তা সহিংস আকার ধারণ করেছে। মারাকেশ, আগাদিরসহ কয়েকটি শহরে থানা ও দোকানে অগ্নিসংযোগ এবং ভাঙচুর হয়েছে। তবে ক্যাসাব্লাঙ্কা ও উত্তরাঞ্চলীয় শহর ওউজদা ও তাজায় এখনও সহিংসতা ছড়ায়নি।
দ্রুত বাড়ছে আন্দোলনের শক্তি
বিক্ষোভ শুরু হওয়ার পর মাত্র চার দিনের ব্যবধানে ‘জেনজি ২১২’-এর সদস্য সংখ্যা তিন হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় এক লাখ ত্রিশ হাজারে।