শনিবার
০৪ অক্টোবর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার চাঞ্চল্যকর গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় প্রধান আসামী ওমর ফারুক (২২)কে চাঁদপুর থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭, চট্টগ্রাম।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সীতাকুণ্ড থানার মামলা নং-২৩, তারিখ ২১ আগস্ট ২০২৫-এর (ধারা ৩২৩/৩৭৯ দণ্ডবিধি ১৮৬০; পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)/৮(২); নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯(৩)) প্রধান আসামী ওমর ফারুক চাঁদপুর জেলার সদর থানার এলাকায় অবস্থান করছে।
পরবর্তীতে শুক্রবার (৩ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে র্যাব-৭ এর একটি আভিযানিক দল চাঁদপুর সদর থানার ঢালীর ঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ওমর ফারুক চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জেলে পাড়ার মাহবুল আলমের ছেলে।
র্যাব-৭ আরও জানায়, আটক আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।