শনিবার
০৪ অক্টোবর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: দলের হাইকমান্ড এখন সজাগ, সবার আমলনামা দেখা হচ্ছে—এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন।
তিনি বলেন, “অবৈধ বালু উত্তোলন, গাছ কাটা, মাছ চুরি, চোরাচালান—এসবের সঙ্গে যারা জড়িত, তারা কখনোই দলের মনোনয়ন পাবে না। বিএনপি মনোনয়ন দেবে এমন মানুষকেই যার কোনো দাগ নেই, যাকে মানুষ ভালোবাসে এবং ভোট দিতে চায়।”
শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপি ও বিকালে ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমরা খারাপ কাজ করে নয়, মানুষের সেবা করে দলের নির্দেশনা মেনে পরিচিত হতে চাই। গ্রামে গ্রামে গিয়ে নারী-পুরুষ, বৃদ্ধ-সব মানুষের সঙ্গে কথা বলতে হবে। গণমানুষের কাছে দলের ৩১ দফার মূল প্রতিপাদ্য তুলে ধরতে হবে। বিএনপি কৃষক, জনতা, মেহনতি মানুষের দল। দল যাকেই মনোনয়ন দেবে, ধানের শীষ প্রতীকে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
জোরারগঞ্জ ইউনিয়নের সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য আবুল হাসেম ভূঁইয়া। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি জমির উদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা গোলাম মাওলা, যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম শহীদ, বিএনপি নেতা আনোয়ার হোসেন, কামরুল ইসলাম, যুবদল নেতা মোশাররফসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অন্যদিকে, বিকেলে ওয়াহেদপুর ইউনিয়নের সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য তোবারক হোসেন এবং সঞ্চালনা করেন জহির উদ্দিন হুমায়ুন। সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাজী আবুল হাশেম, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মনির ভূঁইয়া, যুবদল নেতা রেজাউল করিম রেজু, আনোয়ার ইসলাম মাসুদসহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, বিএনপি আজ গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তারা।