সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

০৬ অক্টোবর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বুদ্ধপূজা, প্রদীপ ও ফানুস উৎসবের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: চট্টগ্রাম, ঢাকা ও দেশের বিভিন্ন বৌদ্ধ বিহারে সোমবার (৬ অক্টোবর) উদযাপিত হলো বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এদিন ভিক্ষুদের তিন মাসব্যাপী বর্ষাবাস সমাপ্ত হয় এবং ভিক্ষু ও গৃহীরা পাপমোচনের উদ্দেশ্যে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করেন।

উৎসবের আচার-অনুষ্ঠানের মধ্যে রয়েছে বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ, প্রদীপপূজা এবং ফানুস উড়ানো। পূর্ণিমার পরদিন অনুষ্ঠিত হয় কঠিন চীবর দান উৎসব।

ঢাকার মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সকাল ৬:৩০ মিনিটে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল ৭:১০ মিনিটে ভিক্ষু সংঘের প্রাতরাশ, সকাল ৯:৩০ মিনিটে শীল গ্রহণ ও বুদ্ধপূজা, বেলা ১১টায় পিণ্ডদান, বিকেল ৪:২৫ মিনিটে আলোচনা সভা এবং সন্ধ্যা ৬:৩০ মিনিটে আলোকসজ্জা ও ফানুস উৎসব অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুভেচ্ছা বার্তায় বলেন, “বিশ্বে বিরাজমান অস্থিতিশীলতা দূরীকরণ ও শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা সবাইকে প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি।”

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় নেতৃবৃন্দ প্রবারণা পূর্ণিমার মাহাত্ম্য তুলে ধরে প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান এবং রাজধানীতে বৌদ্ধদের শেষকৃত্যের জন্য জায়গা বরাদ্দ দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৌদ্ধ নেতারা আরও জানান, সরকারের সহায়তায় তীর্থযাত্রা, জ্ঞানচর্চা কেন্দ্র এবং ধর্মীয় কল্যাণ কার্যক্রম সম্প্রসারণে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

উৎসবে উপস্থিত ছিলেন ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, পার্বত্য ভিক্ষু সংঘের ভিক্ষু কল্যাণ জ্যোতি, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা প্রমুখ।