মঙ্গলবার
০৭ অক্টোবর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ভোক্তা পর্যায়ে আবারও কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে বিইআরসি এই সিদ্ধান্ত ঘোষণা করে জানায়, একইদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।
এর পাশাপাশি ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। অক্টোবর মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে (মূসকসহ) ৫৬ টাকা ৭৭ পয়সা করা হয়েছে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের সৌদি সিপি যথাক্রমে প্রতি মেট্রিক টনে ৪৯৫ ও ৪৭৫ মার্কিন ডলার ধরা হয়েছে। ৩৫:৬৫ অনুপাতে গড়ে ৪৮২ মার্কিন ডলার প্রতি মেট্রিক টন ধরে দাম সমন্বয় করা হয়েছে।
এর আগে, গত ২ সেপ্টেম্বর সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়। একইসঙ্গে অটোগ্যাসের দাম ১৩ পয়সা কমিয়ে প্রতি লিটার ৫৮ টাকা ১৫ পয়সা করা হয়েছিল।
নতুন সমন্বয়ে ভোক্তা পর্যায়ে এবার স্বস্তি আসবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।