বুধবার
০৮ অক্টোবর ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ বুধবার ১২ মাসের কর্মপরিকল্পনা হিসেবে ৩৩ দফা ইশতেহার ঘোষণা করেছে।
আজ বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ইশতেহার ঘোষণা করেন প্যানেলটির সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ইব্রাহিম হোসেন রনি।
ইশতেহারে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, শাটল সংখ্যা বৃদ্ধি, নিরাপদ বাস সার্ভিস, স্বাস্থ্যসম্মত খাবার, সেশনজট নিরসন, ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস এবং মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের চেতনা ধারণসহ নানা বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
মাতৃত্বকালীন ছুটি, নারীবান্ধব কমনরুম, যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধ, গবেষণার জন্য বরাদ্দ বৃদ্ধি, শিক্ষার্থীবান্ধব লাইব্রেরি, নিরাপদ ও সবুজ ক্যাম্পাস, প্রেয়ার রুম ও সাহিত্য-সংস্কৃতি চর্চার বিকাশও পরিকল্পনায় রয়েছে।
৩৩ দফার মধ্যে নয়টি ফোকাস পয়েন্ট নির্ধারণ করেছে জোট—আবাসন, যাতায়াত, স্বাস্থ্যসম্মত খাবার, নিরাপদ ও গ্রিন ক্যাম্পাস, সেশনজট, অটোমেশন, শিক্ষা-গবেষণা ও ক্যারিয়ার, নারীবান্ধব ক্যাম্পাস এবং ওয়েলফেয়ার কার্যক্রম।
ইশতেহার ঘোষণা শেষে ইব্রাহিম রনি বলেন, “আমরা শিক্ষার্থীদের মৌলিক সমস্যা ও প্রত্যাশাগুলো ইশতেহারে অন্তর্ভুক্ত করেছি। আগামী ১২ মাসে ৩৩টি দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করব। তবে ৯টি ফোকাস পয়েন্টকে সর্বাধিক গুরুত্ব দেব।”