বৃহস্পতিবার
০৯ অক্টোবর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করাই হবে বিএনপির মূল লক্ষ্য— এমন অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) শহীদ জেহাদ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, “যে স্বপ্ন ও আশা নিয়ে শহীদ নাজির উদ্দিন জেহাদ স্বৈরাচারীর বুলেট নিজের বুকে বরণ করেছিলেন, সেই স্বপ্ন পূরণে রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করাই হবে আমাদের মূল লক্ষ্য। তাতেই শহীদ জেহাদের আত্মা শান্তি পাবে।”
বিএনপি মহাসচিব শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তার অগ্রসেনানী ভূমিকা জাতি কখনো ভোলেনি।”
তিনি আরও বলেন, “শহীদ নাজির উদ্দিন জেহাদ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক চিরস্মরণীয় নাম। গণতন্ত্র পুনরুদ্ধারে নিজের জীবন উৎসর্গ করেছেন তিনি। তার আত্মত্যাগের ফলেই পতন ঘটে স্বৈরশাসক এরশাদের এবং শুরু হয় সাংবিধানিক ধারাবাহিকতা।”
মির্জা ফখরুলের ভাষায়, “নব্বইয়ে স্বৈরাচার উৎখাত করে গণতন্ত্রের বিজয়ে শহীদ জেহাদের অগ্রণী ভূমিকার জন্য জাতি হিসেবে আমরা গর্ববোধ করি।”