শুক্রবার
১০ অক্টোবর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে অযথা বিতর্ক ও টানাটানির সমালোচনা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রশ্ন তুলেছেন, “আমরা তো তোমাদের মার্কায় বাধা দিইনি, তাহলে বিএনপির ধানের শীষ নিয়ে এত টানাটানি কেন?”
শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শহীদ জেহাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, “কিছু কিছু ব্যক্তি বা দল হুমকি দিচ্ছে— অমুক মার্কা না দিলে নির্বাচনে যাবে না, অথবা ওমুকের মার্কা থাকতে পারবে না। আমরা কখনও বলিনি তোমাদের মার্কা দেওয়া যাবে না। তাহলে বিএনপির মার্কা নিয়ে এই বিতর্ক কেন?”
তিনি আরও বলেন, “ধানের শীষ অপ্রতিরোধ্য। গ্রামেগঞ্জে যেখানে যাবেন, একটাই স্লোগান— ধান লাগাও, ধান লাগাও। এজন্যই ধানের শীষকে রুখে দিতে চায় ওরা, কারণ ধানের শীষ জিতে গেলে বাংলাদেশের শত্রুরা পরাজিত হয়ে পালাবে।”
শেখ হাসিনাকে ‘দানব’ আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, “মনস্টার শেখ হাসিনা এমনি এমনি দিল্লি পালায়নি, বাধ্য হয়েছে। কারণ আমরা সেই ভিত্তি তৈরি করেছি— ১৫ বছরের আন্দোলন-সংগ্রামের রক্তে।”
গণতন্ত্রের লড়াই নিয়ে মির্জা ফখরুল বলেন, “কয়েক দিন লাফালাফি করলে গণতন্ত্র হয় না। এটা গড়তে ত্যাগ, পরিশ্রম, জনগণের কাছে যাওয়া— এই তিনটার দরকার। বিএনপি সেই জনগণের পার্টি।”
তিনি অভিযোগ করেন, প্রশাসন ও আমলাতন্ত্রকে একদলীয় পকেটে নেওয়ার চেষ্টা চলছে। “আমরা এটা কোনোভাবেই বরদাশত করব না,” বলেন ফখরুল। “নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার, নিরপেক্ষ প্রশাসন ও নির্বাচন কমিশন থাকতে হবে।”
সভাপতির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, “শহীদ জেহাদের রক্তের ওপর দাঁড়িয়েই আমরা স্বৈরাচার পতনের শপথ নিয়েছিলাম। সেই শপথ আজও বহন করছি।”
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নেতা আসাদুজ্জামান রিপনসহ অনেকে।