সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

১১ অক্টোবর ২০২৫

১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

শুধু অভিনেত্রী নন, অনুভূতির নাম অপু— আজ তাঁর জন্মদিন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের বহুল জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের আজ জন্মদিন। ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়ার কাটনারপাড়ায় জন্ম নেওয়া এই নায়িকা জন্মনামে অবন্তী বিশ্বাস। নাচ, অভিনয় ও ব্যক্তিত্বের মিশেলে দীর্ঘদিন ধরে তিনি দর্শকদের হৃদয়ে গেঁথে আছেন এক অবিচ্ছেদ্য নাম হিসেবে।

শৈশব থেকেই অপুর ঝোঁক ছিল শিল্পচর্চার দিকে। বুলবুল ললিতকলা একাডেমি এবং শিল্পকলা একাডেমিতে তিনি নিয়েছেন নাচ ও অভিনয়ের প্রশিক্ষণ। নবম শ্রেণিতে থাকতেই জাতীয় নৃত্য প্রতিযোগিতায় অংশ নিয়ে দশম স্থান অর্জন করে জানান দিয়েছিলেন তার প্রতিভার ঝলক।

অপু বিশ্বাসের চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০০৪ সালে ‘কাল সকালে’ ছবির মাধ্যমে। তবে প্রকৃত পরিচিতি আসে পরের বছর, এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে। ছবিটি সুপারহিট হয়, আর অপু হয়ে ওঠেন ঢালিউডের নতুন সেনসেশন।

এরপর একের পর এক হিট সিনেমা— দুই পৃথিবী, রাজাবাবু, মনের মানুষ, দেবদাস, প্রভৃতি ছবিতে তার অভিনয় তাকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশের শীর্ষ অভিনেত্রীদের কাতারে।

ব্যক্তিগত জীবনে, ২০০৮ সালে গোপনে শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। ২০১৬ সালে তাদের একমাত্র পুত্র আব্রাম খান জয় জন্ম নেয়। ২০১৭ সালে বিচ্ছেদের পর অপু নিজের ক্যারিয়ার ও পরিচয়কে নতুনভাবে দাঁড় করাতে মনোনিবেশ করেন।

বর্তমানে তিনি চলচ্চিত্রে কিছুটা বিরতি নিলেও, ব্যবসা ও সামাজিক মাধ্যমে দারুণ সক্রিয়। ফটোশুট, ইভেন্ট ও বিভিন্ন মানবিক কার্যক্রমে অংশ নিচ্ছেন নিয়মিত।

ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন প্রিয় তারকাকে। কারও শুভেচ্ছায় তিনি “ঢালিউডের রানি”, কারও কাছে “চির তরুণী অপু”।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, অপু বিশ্বাস শুধু একজন নায়িকা নন— তিনি বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের এক যুগের প্রতীক।
তার জন্মদিনে অনুরাগীরা কামনা করছেন, “অপুর পরের ফিরে আসাই হবে ঢালিউডের নতুন ভোর।”