রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

১১ অক্টোবর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

“সোমবার থেকেই ইসরায়েলি বন্দি মুক্তি”— ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় হামাসের হাতে বন্দি থাকা ইসরায়েলিদের মুক্তি সোমবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবেই এই বন্দি বিনিময় কার্যক্রম শুরু হচ্ছে।

আল জাজিরার খবরে জানা গেছে, মোট ৪৮ জন ইসরায়েলিকে (জীবিত ও মৃত) মুক্তি দেওয়া হবে। এর মধ্যে ২০ জন জীবিত এবং ২৮ জনের মরদেহ হস্তান্তর করবে হামাস। বিনিময়ে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

শুক্রবার রাতে হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “সোমবার একটি গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে। তারা এখনই কাজ শুরু করেছে। অনেক মরদেহ খুঁজে বের করা হচ্ছে—এটা এক বিশাল ট্র্যাজেডি।”

তিনি জানান, জীবিত বন্দিদের অনেকেই “অত্যন্ত কঠিন স্থানে” রয়েছেন এবং অল্প কয়েকজনই জানেন তারা কোথায় আছেন। আগামী সপ্তাহে ট্রাম্প কায়রো সফর করবেন এবং পরবর্তীতে ইসরায়েল গিয়ে দেশটির সংসদ নেসেটে ভাষণ দেবেন বলে জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র-সমর্থিত চুক্তির শর্ত অনুযায়ী, যুদ্ধবিরতি শুরু হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে হামাসকে সব বন্দিকে মুক্তি দিতে হবে। ইসরায়েল সরকার শুক্রবার ভোরে যুদ্ধবিরতি অনুমোদন দেয়, এবং এরপরই সেনারা গাজার বিভিন্ন এলাকা থেকে সরে আসা শুরু করে।

তবে একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, হামাস হয়তো সব মৃত বন্দির দেহ উদ্ধার করতে সমস্যায় পড়ছে, যা সোমবারের বন্দি বিনিময়ে জটিলতা তৈরি করতে পারে।

ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর ফিলিস্তিনিরা যখন ধ্বংসস্তূপ ঘরে ফিরে যাচ্ছিল, তখন গাজার ভবিষ্যৎ ও সম্ভাব্য ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রশ্ন এখনো অনিশ্চিত রয়ে গেছে।

তবুও ট্রাম্প আশাবাদী সুরে বলেন, “হামাস ও ইসরায়েল উভয়ই লড়াইয়ে ক্লান্ত। বেশিরভাগ বিষয়ে ঐকমত্য হয়েছে, কিছু বিস্তারিত বিষয় পরবর্তী আলোচনায় মীমাংসা হবে।”

ইউরোপীয় ইউনিয়ন, ইরান ও রাশিয়ার সমর্থনে সন্তুষ্টি প্রকাশ করে ট্রাম্প বলেন, “এই শান্তি পরিকল্পনা শুধু গাজাই নয়, পুরো মধ্যপ্রাচ্যে শান্তি আনবে—এটা সত্যিই এক সুন্দর বিষয়।”