শনিবার
১১ অক্টোবর ২০২৫
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, “প্রধান উপদেষ্টা ও সরকারের উপদেষ্টারা একদিকে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আরেকদিকে তথ্য উপদেষ্টা বলছেন— প্রশাসনের সব পদ বিএনপি-জামায়াত ভাগাভাগি করে নিয়েছে। তাহলে এ ধরনের প্রশাসন দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে একজন শিশুও বিশ্বাস করে না।”
শনিবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মাহমুদ বলেন, “আমি যেখানেই বৈঠকে যাই, সবাই একই প্রশ্ন করেন— ফেব্রুয়ারিতে কি সত্যিই নির্বাচন হবে? আমি তাদের বলি, আপনাদের প্রশ্নেই উত্তর লুকিয়ে আছে। কারণ এ প্রশ্নের মধ্যেই আপনারা সংশয় প্রকাশ করছেন। শুধু রাজনীতিবিদ নয়, দেশের সাধারণ মানুষও এখন বিশ্বাস করে না— ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।”
তিনি আরও বলেন, “দেশে মব সন্ত্রাস চলছে। মানুষ ভয় পাচ্ছে, কেউ সত্য কথা বলছে না। প্রতিদিন খুন, গলা কাটা লাশ, অজ্ঞাত মৃতদেহ উদ্ধার— এসব বাস্তবতার মধ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে— এটা হাস্যকর।”
সংবিধান পরিবর্তন প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, “আজকে গায়ের জোরে সংবিধান পরিবর্তনের কথা বলা হচ্ছে। কিন্তু আমি সবাইকে বলব, এটা কল্পনাও করবেন না। কারণ, ইতিহাস বলে— গায়ের জোরে যারা সংবিধান বদলায়, সময় এলে তাদের বিচারের মুখোমুখি হতে হয়।
সংবিধান পরিবর্তন করতে হলে নির্বাচিত সংসদ দরকার। ৫ আগস্ট ছাত্র–জনতার বিপ্লবের পরও আমরা চাইলে সংবিধান বদলাতে পারতাম, কিন্তু করিনি। সাংবিধানিকভাবে শপথ নিয়েই রাষ্ট্র পরিচালনা চলছে— তাই এখন সংবিধান পরিবর্তনের কথা বলা অবিবেচনাপ্রসূত।”
সভায় জাতীয় যুব সংহতির আহ্বায়ক ফখরুল আহসান শাহজাদার সভাপতিত্বে আরও বক্তব্য দেন—
জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, নাসরিন জাহান রতনা, নাজমা আকতার প্রমুখ।