সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

১৩ অক্টোবর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

শিক্ষা নিয়ে টালবাহানা নয়, অধ্যাদেশ চাই এখনই! — সাত কলেজের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: সরকারি সাত কলেজকে নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত হালনাগাদ করে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টা ২০ মিনিটে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে আসেন। পরে একে একে বাকি কলেজগুলোর শিক্ষার্থীরাও যোগ দেন।

অবস্থান থেকে শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা শিক্ষা উপদেষ্টা বা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তার সঙ্গে দেখা করতে যাবেন না। বরং সংশ্লিষ্টদেরই শিক্ষার্থীদের কাছে এসে কথা বলতে হবে।

ইডেন মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শিক্ষার্থী স্মৃতি আক্তার বলেন, “আমরা আর কারো কাছে যাব না। তাদের আমাদের কাছে আসতে হবে। সময় যত যাবে, এখানে শিক্ষার্থীদের ঢল নামবে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তার দায় শিক্ষার্থীদের নয়।”

অবস্থানকালে ‘অধ্যাদেশ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না চলবে না’সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।

শিক্ষার্থীদের অবস্থানের কারণে শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীদের সচিবালয়ের দিকে যাওয়া ঠেকিয়েছে।

এ সময় ঘটনাস্থলে যান ডিএমপির প্রোটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি ইউনিটের যুগ্ম কমিশনার সানা শামীমুর রহমান। শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তিনি সাংবাদিকদের বলেন,“ আমরা আগেও শিক্ষার্থীদের সহযোগিতা করেছি, এখনো করছি। তাদের দাবি পূরণের প্রক্রিয়া চলছে। আমরা চাই তারা শান্তিপূর্ণভাবে সহযোগিতা করুক।”

শিক্ষার্থীরা জানান, অধ্যাদেশ আজই জারি না হলে তারা কর্মসূচি চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিসান বলেন, “সরকার আমাদের সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ করার ঘোষণা দিয়েছে। কিন্তু এখনো আইন জারি হয়নি। আজই অধ্যাদেশ দিতে হবে, নাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।”

উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।

এতে যুক্ত কলেজগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।