মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

১৩ অক্টোবর ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সাংবাদিকদের ওপর পুলিশি হামলা: পিজা ঝাঁপিয়ে পড়ল প্রতিবাদে!

নিউজ ডেস্ক: নগরীর খুলশী থানায় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (পিজা) দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ ঘটনায় হামলার সঙ্গে জড়িত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (উত্তর জোন) ডিসি আমিরুল ইসলামকে অবিলম্বে প্রত্যাহার ও তার বিরুদ্ধে বিচারের দাবি জানিয়েছে পিজা।

সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় চেরাগী পাহাড় চত্ত্বরে আয়োজিত সমাবেশে পিজা’র সভাপতি ইমরান বিন ছবুর সভাপতিত্বে এবং সদস্য হামিদ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ।

তিনি বলেন, “খুলশী থানায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এই পুলিশ কর্মকর্তাকে অবিলম্বে দায়িত্ব থেকে প্রত্যাহার করে আইনি ব্যবস্থা নিতে হবে।”

পিজা’র সভাপতি ইমরান বিন ছবুর বলেন, “৫ আগস্ট পরবর্তী সময়ে যখন পুলিশের ভাবমূর্তি তলানিতে, তখন সাংবাদিকরা সহযোগিতা করেছিলেন। আর এখন সেই সাংবাদিকদের ওপর হামলা চালানো হচ্ছে। এই কর্মকর্তা প্রত্যাহার না হলে আন্দোলন চলমান থাকবে।”

সিনিয়র সহ-সভাপতি তাপস বড়ুয়া বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাদের ওপর হয়রানি হলে জনগণের অধিকার কোথায় নিরাপদ থাকবে?” সাবেক আহবায়ক পার্থ প্রতীম নন্দী বলেন, “খুলশী থানায় হামলা শুধু দুই সাংবাদিক নয়, পুরো সাংবাদিক সমাজের ওপর আঘাত। যতক্ষণ ডিসি আমিরুল ইসলাম প্রত্যাহার ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না, ততক্ষণ আন্দোলন চলবে।”

সমাবেশে পিজা’র অন্যান্য সদস্য ও পিসিআইইউ মিডিয়া ক্লাবের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।