বুধবার
১৫ অক্টোবর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে— এ বিষয়ে সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের আর কোনো দ্বিতীয় চিন্তা নেই। নির্বাচন প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।”
আইন উপদেষ্টা আরও বলেন, “রাজনৈতিক দলগুলো নিষ্ঠার সঙ্গে জুলাই সনদের আলোচনায় অংশগ্রহণ করেছেন। আমার বিশ্বাস, সেই নিষ্ঠার ধারাবাহিকতায় তারা জুলাই সনদে সই করবেন।”
রাজনৈতিক দলগুলোর কিছু সমালোচনার বিষয়ে ড. নজরুল বলেন, “রাজনৈতিক দলগুলো এখন উপদেষ্টাদের হুমকি ও সমালোচনা করছে— এটিও গণতান্ত্রিক উত্তরণের অংশ।”
তবে তিনি সহনশীলতার আহ্বান জানিয়ে বলেন, “যারা সমালোচনা করছেন, তাদেরও অন্যের সমালোচনা শোনার মানসিকতা থাকতে হবে।”
বিচার বিভাগের সংস্কার প্রসঙ্গে আইন উপদেষ্টা জানান, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের আইনের খসড়া তৈরি হয়েছে। এটি কয়েক সপ্তাহের মধ্যেই উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন করা হবে।
তিনি বলেন, “আমরা আশাবাদী, এই সরকারের সময়েই এই আইন পাস হবে।”