শনিবার
১৮ অক্টোবর ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: চট্টগ্রাম বন্দরে এন্ট্রি ফি চারগুণের বেশি বাড়ানোয় পরিবহন অপারেটররা সব ধরনের যানবাহনের প্রবেশ বন্ধ করে দিয়েছেন।
শনিবার (১৯ অক্টোবর) সকাল থেকে বন্দর এলাকায় ট্রেইলার, ট্রাক ও কাভার্ড ভ্যানের চলাচল স্থবির হয়ে পড়ে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক জরুরি বৈঠকের পর চট্টগ্রাম আন্তঃজেলা পণ্য পরিবহন সমিতি, ট্রাক ও কাভার্ড ভ্যান ওয়ার্কার্স ইউনিয়ন এবং প্রাইম মুভার অ্যান্ড ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে সিদ্ধান্ত নেয়, শনিবার সকাল ৬টা থেকে বন্দরে সব গাড়ির প্রবেশ অস্থায়ীভাবে বন্ধ থাকবে।
ফি বাড়ল ৫৭ টাকা থেকে ২৩০ টাকা
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ গত ১৩ অক্টোবর এক অফিস আদেশে প্রতিটি ভারী যানবাহনের প্রবেশ ফি ৫৭ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ২০০ টাকা নির্ধারণ করে। এতে ১৫ শতাংশ ভ্যাট যোগে মোট ফি দাঁড়ায় ২৩০ টাকা।
এ সিদ্ধান্তকে “অযৌক্তিক ও হঠকারী” উল্লেখ করে সংগঠনগুলো অভিযোগ করেছে, “বন্দরের ৮৫ শতাংশ কার্গো আমরা পরিচালনা করি। অথচ এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।”
প্রাইম মুভার অ্যান্ড ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, “এটা কোনো ধর্মঘট নয়, এটা প্রতিবাদ। প্রতি গাড়িতে হঠাৎ ১৭৩ টাকা বাড়ানো হয়েছে— কিন্তু বলা হয়নি খরচ বহন করবে কে, মালিক না শ্রমিক?”
তিনি জানান, ১৫ অক্টোবর থেকেই ট্রেইলার চলাচল আংশিকভাবে বন্ধ ছিল, শনিবার থেকে তা পুরোপুরি স্থগিত করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, “বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে কিছু ট্রেইলার মালিক গাড়ি চালানো বন্ধ রেখেছেন বলে খবর পেয়েছি। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।”
পরিবহন সংশ্লিষ্টদের মতে, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে পণ্য ওঠানামায় ব্যাঘাত ঘটতে পারে। ফলে আমদানি–রপ্তানি কার্যক্রমে বিলম্ব ও খরচ বৃদ্ধি— দুটোই দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।