রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

১৮ অক্টোবর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

শিক্ষকদের দাবিতে বিএনপির নীতিগত সমর্থন: মির্জা ফখরুল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষকদের যৌক্তিক দাবির পক্ষে অবস্থান নিয়েছেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বিএনপি শিক্ষকদের জন্য যুক্তিসঙ্গত আর্থিক সুবিধা, চাকরির নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, “শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়ন ও শিক্ষকদের আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া রাষ্ট্র বা রাজনীতির কোনো সংস্কার কিংবা নাগরিক উন্নয়ন কাঙ্ক্ষিতভাবে সম্ভব নয়।”

বিএনপি মহাসচিব জানান, জনগণের ভোটে বিএনপি যদি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তবে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ এবং সব শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। এ বিষয়ে দলের কোনো মতভেদ নেই বলেও তিনি জানান।

তবে বিবৃতিতে একটি কঠোর হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। তিনি বলেন, “শিক্ষকদের যুক্তিসঙ্গত আন্দোলনকে পুঁজি করে যদি পতিত স্বৈরাচারের সহযোগীরা পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি করে আসন্ন নির্বাচনের গণতান্ত্রিক উত্তরণে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করে, তবে বিএনপি তা প্রতিহত করতে কোনো নমনীয়তা দেখাবে না।”