সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

১৮ অক্টোবর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

শাহজালাল বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার রোবট

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট তৎপর রয়েছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ফায়ারফাইটারদের সরাসরি কাজ করতে সমস্যা হচ্ছে। তাই আনা হয়েছে ‘রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট’, যা মানুষের সাহায্য ছাড়াই আগুনের খুব কাছ থেকে পানি নিক্ষেপ করতে সক্ষম।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, রোবটটি আগুনের শিখায় সরাসরি পানি দিতে পারবে। পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আইএসপিআর জানায়, বিমানবন্দর কার্গো সেকশনে অগ্নিনির্বাপণে বিমান বাহিনী ও নৌবাহিনীও সহায়তা করছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে কালো ধোঁয়া উড়তে শুরু করে, যা ৫-৬ কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণে বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।