শনিবার
১৮ অক্টোবর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কর্মপরিকল্পনা অনুযায়ী এটি করা হচ্ছে।
শনিবার বরিশালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হলো আইন অনুযায়ী একটি সুন্দর, নিরপেক্ষ নির্বাচন দিয়ে জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া।”
সিইসি আরও বলেন, “নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন সবাই প্রতিজ্ঞাবদ্ধ। আগে যে দুই-তিনটি নির্বাচন হয়েছে, সেই ধরনের ফলাফলের সম্ভাবনা এখন নেই। চ্যালেঞ্জ আসবে, আমরা হাসিমুখে তা মোকাবিলা করব।”
তিনি সাংবাদিকদের সতর্ক করে বলেন, নির্বাচনের সময় গুজব ছড়ানো থেকে বড় ধরনের ঘটনা সৃষ্টি হতে পারে। এ কারণে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। অপ-তথ্য রোধে নির্বাচন কমিশনের কার্যালয়ে একটি বিশেষ সেলও খোলা হয়েছে।
একটি দলের শাপলা প্রতীকের বিষয়ে সিইসি জানান, “প্রতীক নিতে হলে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত প্রতীক হতে হবে। অননুমোদিত প্রতীক প্রদান করা সম্ভব নয়।” পিআর বিষয়ে তিনি বলেন, “আমরা রাজনৈতিক প্রভাব এড়িয়ে আইন অনুযায়ী কাজ করছি।”
সিইসি প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে বলেন, “প্রবাসে থাকা ভোটারদের ডিজিটাল রেজিস্ট্রেশন ও ম্যানুয়াল ভোটের ব্যবস্থা করা হচ্ছে। ভোট দিতে প্রবাসীরা আগ্রহী, তাই আমরা এটি নিশ্চিত করছি।”
তিনি আরও জানান, সরকার নিসিদ্ধ ঘোষিত একটি দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হয়। নির্বাচন কমিশন কোন সংস্থা বা রাজনৈতিক প্রভাবের দ্বারা প্রভাবিত হবে না।
এর আগে সকাল ১০টায় বরিশালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন সিইসি। সভায় বরিশাল বিভাগের ছয় জেলার সকল আঞ্চলিক ও উপজেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিকেলে তিনি বরিশাল সার্কিট হাউজে বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেন।