মঙ্গলবার
২১ অক্টোবর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


এম জয়নাল, স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি অক্টোবর মাসেই এ পর্যন্ত ৭১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। যেখানে গত বছরের একই মাসে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪৩০ জন।
শুধু অক্টোবর নয়, পুরো বছরের হিসাবেও উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণ। ২০২৪ সালের প্রথম ১০ মাসের তুলনায় চলতি বছরের এই সময়ে ডেঙ্গু আক্রান্তের হার বেড়েছে প্রায় ৬০ শতাংশ।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫৭ জন রোগী।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে শিশু ৫৫৫ জন, পুরুষ ১ হাজার ৬৮১ জন এবং নারী ৯৯০ জন। অন্যদিকে, রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২০ জন। তাদের মধ্যে পুরুষ ১১ জন, নারী ৬ জন এবং শিশু ৩ জন।
চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তন, অপর্যাপ্ত মশা নিয়ন্ত্রণ কার্যক্রম এবং ঘনবসতিপূর্ণ এলাকায় জমে থাকা পানিই সংক্রমণ বৃদ্ধির মূল কারণ।
তারা সবাইকে সতর্ক থাকার পাশাপাশি বাড়ির আশপাশে পানি জমে না রাখতে, ফুলের টবে বা ছাদে রাখা পাত্রগুলো নিয়মিত পরিষ্কার রাখতে আহ্বান জানিয়েছেন।