সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২১ অক্টোবর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

‘তত্ত্বাবধায়ক ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়’ — বললেন মির্জা ফখরুল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তীকালীন সরকারকে এখনই তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা নিতে হবে। অর্থাৎ, তাদের কার্যক্রম তত্ত্বাবধায়ক কাঠামোর ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত।”

তিনি আরও বলেন, নির্বাচনের আগে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে, যাতে জনগণের মধ্যে আস্থা ফিরে আসে। “সচিবালয়ে যারা ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে চিহ্নিত, তাদের অবিলম্বে সরাতে হবে,”— দাবি জানান বিএনপি মহাসচিব।

ফখরুল বলেন, “প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ পর্যন্ত স্বৈরাচারের দোসরদের সরাতে হবে। এটা যদিও বিচার বিভাগের বিষয়, কিন্তু ড. ইউনূস যেহেতু প্রধান উপদেষ্টা, তাই তার এই উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

তিনি আরও উল্লেখ করেন, পুলিশের নিয়োগ, পদোন্নতি এবং নতুন নিয়োগের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। পাশাপাশি সরকারের বিভিন্ন দপ্তরে যদি কোনো দলীয় প্রভাবশালী ব্যক্তি থেকে থাকে, তাদেরও অপসারণের দাবি জানিয়েছে বিএনপি।

বৈঠকে বিএনপি নেতারা নির্বাচনকালীন প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং বিচার বিভাগসহ সার্বিক নিরপেক্ষতা নিশ্চিতের বিষয়টি প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরেন।