বুধবার
২২ অক্টোবর ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের স্টিল গার্ডার থেকে অন্তত ১৪০টি নাট–বোল্ট ও ৫৩টি ওয়াশার খুলে নিয়েছে মাদকাসক্তদের একটি চক্র। এমনই তথ্য উঠে এসেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে।
তদন্তে বলা হয়েছে, মুরাদপুর থেকে লালখানবাজার পর্যন্ত ফ্লাইওভারের দ্বিতীয় গেট এলাকার অংশে এসব নাট–বোল্ট চুরি হয়েছে। এতে ফ্লাইওভারের কাঠামোগত স্থিতিশীলতা ও নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়েছে।
চসিকের নির্বাহী প্রকৌশলী ও তদন্ত কমিটির সদস্য সচিব মোহাম্মদ রিফাতুল করিম চৌধুরী বলেন, “এটি অত্যন্ত উদ্বেগজনক বিষয়। মাদকাসক্তদের একটি চক্র এই কাজের সঙ্গে জড়িত বলে ধারণা করছি। ইতোমধ্যে নতুন নাট–বোল্ট স্থাপন ও কাঁটাতার দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, বাকি সুপারিশ বাস্তবায়নের কাজও চলমান রয়েছে। কমিটি দ্রুত নতুন নাট–বোল্ট সংযোজন, নিয়মিত পরিদর্শন এবং মাদকাসক্তদের প্রবেশ রোধে নিরাপত্তা জোরদার করার পরামর্শ দিয়েছে।
এদিকে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, “২ নম্বর গেট এলাকায় মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।”
২০১৭ সালের ১৬ জুন ৬৯৬ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে চালু হয় আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার। ২০১৯ সালের ১ ডিসেম্বর এটি রক্ষণাবেক্ষণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়। তবে সাত বছর পেরিয়ে গেলেও ফ্লাইওভারের কোনো বার্ষিক রক্ষণাবেক্ষণ বা কাঠামোগত নিরীক্ষা হয়নি।
ফ্লাইওভারের নিচে প্রায় ১৫ কোটি টাকায় সৌন্দর্যবর্ধন প্রকল্প বাস্তবায়ন করা হলেও এখন সেটিও অবহেলা ও ধ্বংসের মুখে।